আগামী ১৫ দিনের মধ্যে মগবাজার-মৌচাক ফ্লাইওভার এলাকার সড়কগুলো সংস্কার করে জনদুর্ভোগ সহনীয় পর্যায়ে নিয়ে আসতে সময় বেঁধে দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সচিবালয়ে এক জরুরি বৈঠকে ওই এলাকায় যাতে যানজট না হয়, সে জন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।
মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, ১৫ দিনের সময় বেঁধে দিলাম। ঠিক ১৫ দিন পর আমি সেখানে যাবো। এরমধ্যে দুর্ভোগ সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে কোনো প্রকার শৈথিল্য হবে না।
মগবাজার ফ্লাইওভারের চলমান নির্মাণ কাজের মধ্যে উদ্ভুত যানজন পরিস্থিতি নিয়ে এ সময় মন্ত্রী বলেন, মগবাজার-মালিবাগ-মৌচাক-শান্তিনগর এলাকায় দুর্ভোগ এখন কঠিন ও ভয়াবহ, একেবারেই অসহনীয়।
যানজট যেন না হয়, সব মিলিয়ে দুর্ভোগ সহনীয় পর্যায়ে নিয়ে আসতে ব্যবস্থা নিতে সভায় উপস্থিত ফ্লাইওভারের প্রকল্প পরিচালক প্রকৌশলী নাজমুল আলমকে নির্দেশ দেন মন্ত্রী।
ফ্লাইওভার যারা করছেন তাদের কাজে সমন্বয় না থাকায় এ করুণ অবস্থা হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, সিটি করপোরেশন, ওয়াসা, মন্ত্রণালয়ের কাজ আছে, এই কর্তৃপক্ষগুলোর মধ্যে সমন্বয় নেই। সেজন্য আজকে ডেকেছি।
সভায় মোবাইল ফোনে ওয়াসার এক কর্মকর্তাকে মন্ত্রী বলেন, আপনারা কাজ করছেন না কেন? গতবার যে ওয়াদা করেছেন, সেটা রাখেননি। মালিবাগ মোড়, শান্তিনগর মোড়ে দুর্ভোগ।
এখন বৃষ্টি তো প্রতিদিন হতে পারে, তাই বলে কী প্রতিদিন দুর্ভোগ থাকবে? পানি সরবে না? ওই কর্মকর্তার কাছে ১৫ দিনের মধ্যে সমস্যা দূর করার ওয়াদা নেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, তার অভিযোগ ঠিক আছে- তবে এটা তো আমার কাজ না, আমি কী করে বুঝাবো।
এ সময় আগামী ১৫ দিনের মধ্যে ওই এলাকার রাস্তা-ঘাট সহনীয় পর্যায়ে আসবে বলে আশ্বাস দেন প্রকল্প পরিচালক।
সভায় সড়ক বিভাগ, ঢাকা সিটি করপোরেশন ও ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএইচ





