ঢাকার আশুলিয়ায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলে দগ্ধ হয়েছেন।

আজ (০১ ডিসেম্বর) শনিবার ভোর ৫ টার দিকে আশুলিয়ার পশ্চিম বাইপাইলে মোস্তফা দেওয়ানের মালিকাধীন একতলা বাড়ির একটি কক্ষে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

গুরুতর অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ৩ জন হলেন- আকরাম (৩৫), তাঁর স্ত্রী লাভলী (২৫) ও ছেলে হোসেন মোহাম্মদ আশিক (৮)।

আকরাম হোসেনের গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালী থানা এলাকায়। আকরাম ও লাভলী দুজনেই আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাইপাইলে এসএ পরিবহনের কার্যালয়ের পাশে মোস্তফা নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থাকত পরিবারটি। আজ ভোর ৫ টার দিকে চুলা জ্বালানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে আকরাম ও তাঁর স্ত্রী-সন্তান দগ্ধ হন।

চিকিৎসকের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান, আকরামের ৯০ শতাংশ, স্ত্রীর ৬০ শতাংশ এবং ছেলে আশিকের ৫ শতাংশ পুড়ে গেছে। 

এমবি