সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের মূল কাজ আগামী জুনের মধ্যে শেষ হবে।

তিনি বলেন, এখনো অনেকেই ঢাকা-চট্টগ্রামে ৫ ঘণ্টায় যাতায়াত করেন। তবে তা নিয়মিত নয়। জুনে কাজ শেষের পর সাড়ে ৪ থেকে ৫ ঘণ্টায় চট্টগ্রামে যাতায়াত করা যাবে। চার লেনে ১৪টি বাইপাস রয়েছে। এপ্রিলের মধ্যে এসব বাইপাসের কাজও শেষ হবে।

রোববার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাটহাজারী-ফটিকছড়ি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে নবনির্মিত আটটি সেতু এবং ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে নবনির্মিত দু'টি সেতু উদ্বোধন করেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এম এন এ সিদ্দিক, সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী এম ফিরোজ ইকবালসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের মোট দৈর্ঘ্য ১৯২ কিলোমিটার। অবরোধ ও নাশকতা সত্ত্বেও আমাদের কাজ এগিয়ে চলেছে। ১১৫ কিলোমিটার সড়ক পাকা করার কাজ শেষ হয়েছে। তিনটি রেল ওভার পাসে কিছুটা সময় লাগবে।

ওবায়দুল কাদের বলেন, এসব সেতু উদ্বোধনের মধ্য দিয়ে পার্বত্য জেলাসমূহে সড়ক যোগাযোগে একটি নতুন দিগন্ত উম্মোচিত হলো। পাবর্ত্য জেলাগুলোতে যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হতে শুরু করেছে।

এর বাকি সেতুসমূহের নির্মাণকাজ সম্পন্ন হলে পার্বত্যজেলার নাগরিকরা চট্টগ্রাম সড়কে না গিয়েও সরাসরি যাতায়াত করতে পারবেন। দুই বছর আগেও এসব সড়ক ছিল অত্যন্ত নাজুক।

এআর