বরিশালে পরিবহন স্টাফ কর্তৃক শিক্ষার্থী লাঞ্ছিতের পর সড়ক অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
এরই জেরে মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে পরিবহন শ্রমিকরা। হামলায় প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হন।
এর প্রতিবাদে বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
এ ঘটনায় আহত ১১ জনকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো: ছাদেকুল আরেফিন।
হামলার সময় পুলিশ সামনে থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন ঘটনাস্থলে থাকা শিক্ষার্থীরা।
উল্লেখ্য, মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তৌফিকুল সজল ও ফারজানা আক্তার মেমি নিজ বাড়ি খুলনায় যাওয়ার জন্য রূপাতলীর বিআরটিসি কাউন্টারে যান।
সেখানে কাউন্টার স্টাফ রফিক তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে সজল ও মেমিকে মারধর ও লাঞ্ছিত করেন।
এর প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে এবং রফিককে গ্রেফতারের দাবি জানান। পুলিশ রফিককে ১ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে, এর পর রাতেই শিক্ষার্থীদের ওপর এ হামলার ঘটনা ঘটে।
এএস





