গাইবান্ধা সদর উপজেলায় ট্রাকচাপায় রবিউল ইসলাম (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার দুপুর ১টার দিকে শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রবিউল ইসলামের বাসা সদরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। তিনি শহরের ডিবি রোডে মোটরপার্টস এর ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীরা টাইমনিউজবিডিকে জানান, রবিউল মোটরসাইকেলে করে শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাসটার্মিনাল এলাকায় পৌঁছলে পলাশবাড়ীগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।    

স্থানীয়রা রবিউলকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) রাজিউর রহমান টাইমনিউজবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএইচ