খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিনের উপর হামলার ঘটনায় বুধবার হতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডাকা খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাতে গণমাধ্যমে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আব্দুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, হামলার শিকার চট্টগ্রামে চিকিৎসাধীন আহত জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিনের মৌখিক নির্দেশক্রমে এবং জনসাধারনের কথা চিন্তা করে পূর্ব ঘোষিত অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি সাময়িক ভাবে স্থগিত করা হলো।
এর আগে মঙ্গলবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষ্য থেকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রহছ উদ্দিনের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বুধবার থেকে খাগড়াছড়িতে অনির্দিষ্ট কালের অবরোধের ডাক দেওয়া হয়।
মঙ্গলবার রাতে মুঠোফোনে চমেকে চিকিৎসাধীন খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রইছ উদ্দিনের নিকট জানতে চাইলে তিনি বলেন, হামলাকারীদের কাউকে আমি চিনতে পারি নাই, জনগণের কষ্ট হবে তাই কোন সড়ক অবরোধ হবে না।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, সড়ক অবরোধ আহবান ও প্রত্যাহারের বিষয়ে আমি কিছুই জানি না।
আবু বকর/নাজিব





