মালয়েশিয়ায় কংক্রিটের নিচে চাপা পড়ে নিহত শ্রমিক ফারুক খানের (৩৮) লাশ মুন্সীগঞ্জের সিরাজদিখানের মধ্যপাড়া ইউনিয়নের নাটেশ্বর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নাটেশ্বর গ্রামে জানাজার নামাজ শেষে লাশ দাফন করা হয় বলে পারিবারের লোকজন জানিয়েছে।

এর আগে, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের ডিজি-০৮৭ নম্বর ফ্লাইটে মুন্সীগঞ্জের ফারুক খানের লাশসহ নিহত তিন শ্রমিকের লাশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিবারের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে।

নিহত শ্রমিক ফারুক খানের লাশ স্বজনরা মুন্সীগঞ্জের সিরাজদিখানের মধ্যপাড়া ইউনিয়নের নাটেশ্বর গ্রামের নিজ বাড়িতে নিয়ে যায়। এসময় ফারুক খানের লাশ দেখে বৃদ্ধ মা হাজেরা বেগম বুক চাপড়িয়ে আহাজারি শুরু করেন।

এছাড়া বৃদ্ধ মায়ের সঙ্গে থাকা নিহত ফারুকের স্ত্রী পলি বেগম প্রিয় স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। প্রিয় স্বামীর এই অকাল মৃত্যুতে থেমে থেমে কান্নায় ভেঙ্গে পড়ছেন পলি বেগম। সঙ্গে পরিবারর অন্যান্য স্বজনরাও শোকে পাথর হয়ে পড়েছেন।

লাশ আসার খবর পেয়ে নাটেশ্বর গ্রামের শত শত নারী-পুরুষ এক নজর দেখার জন্য নিহত ফারুক খানের বাড়িতে ভীড় জমায়। এ সময় স্বজনদের কান্না ও আহাজারিতে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়।

মুন্সীগঞ্জের সিরাজদিখানের মধ্যপাড়া ইউনিয়নের নাটেশ্বর গ্রামের মৃত কাশেম খানের ছেলে ফারুক খান ৩ ভাই ও ৫ বোনের মধ্যে দ্বিতীয়। ৫ বছর আগে পলি আক্তারকে বিয়ে করে দাম্পত্য জীবনে স্বচ্ছলতা ফিরিয়ে আনতেই মালয়েশিয়া যান ফারুক খান।

স্ত্রী পলি আক্তার কান্নাজড়িত কন্ঠে বলেন, আমিতো একেবারে নিঃস্ব হয়ে গেলাম। এখন কাকে নিয়ে আমি বাচঁবো। আমার জীবনটাতো অন্ধকার হয়ে গেলো।

১৮ আগস্ট সোমবার সন্ধ্যায় মালয়েশিয়া কোটা দামানসারা সংলগ্ন সুঙ্গাই বুলুহ এলাকার রাবার রিসার্চ ইনস্টিটিউটের কাছে এমআরটি নির্মাণের কাজ চলছিল। এ সময় নিচ দিয়ে যাওয়ার পথে নির্মাণাধীন ভবনের উপর থেকে ৩৮ মিটার স্প্যানটি (কংক্রিট) পড়ে মুন্সীগঞ্জের ফারুক খান, পাবনার আলাউদ্দিন মল্লিক ও এলাহি হোসেন নামের তিন শ্রমিক নিহত ও চার শ্রমিক আহত হন।

সিরাজদিখান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদুল ইসলাম জানান, মালয়েশিয়ায় নিহত শ্রমিক ফারুক খানের লাশ সিরাজদিখানের নিজ বাড়িতে দাফন করার বিষয়টি পুলিশকে কেউ অবগত করেনি।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই