প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হলো।

শুক্রবার (০৮ মে) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে একজন এবং দেবিদ্বারে একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

কুমিল্লা জেলা সংক্রমণ প্রতিরোধ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ও মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিস্বর্গ মেরাজ চৌধুরী জানান, নতুন করে কুমিল্লার দেবিদ্বারে দুই জন করোনা আক্রান্ত রোগী মারা গিয়েছেন। এর মধ্যে একজন গত ৫ মে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে আক্রান্ত হন। তার নাম মো. আতিকুল ইসলাম (৬০)। বাড়ি দেবীদ্বার উপজেলার নবীয়াবাদ গ্রামে। এর আগে তিনি করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। মারা যাওয়ার পর শুক্রবার (৮ মে) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

অন্যদিকে দেবীদ্বারের পৌর এলাকার চাঁপানগর এলাকার জামাল হাজারী (৪৫) নামে এক বাসিন্দা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি মুদি দোকানদার ছিলেন। দীর্ঘদিন তিনি জ্বর-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ৫ মে নমুনা সংগ্রহ করার পর বৃহস্পতিবার দুপুরে ওই ব্যক্তির করোনা পজিটিভ আসে। সন্ধ্যার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসাপাতালে পাঠানো হয়। পরে রাতেই তার মৃত্যু হয়। এ নিয়ে শুধু দেবীদ্বারেই করোনায় মৃত্যু হলো পাঁচ জনের এবং আক্রান্ত ৩২ জন।

এমবি