নারায়ণগঞ্জে সাত খুনের প্রধান আসামী নূর হোসেনের অন্যতম সহযোগী আবুল বাশারকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক।
জেলার রূপগঞ্জ উপজেলার দক্ষিণ গোলাকান্দা থেকে শুক্রবার দুপুরে তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা মামুনুর রশিদ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠা ছয়জনের লাশ উদ্ধার করে পুলিশ। পরের দিন নদীতে আরও একজনের লাশ পাওয়া যায়।
অপহরণের পরপরই নজরুলের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করা হয়।
সাত খুনের দুটি মামলায় এ পর্যন্ত র্যাবের ১৭ সদস্যসহ মোট ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। অপহরণ ও হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে তিন র্যাব কর্মকর্তাসহ ১৯ জন আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন।
এ ছাড়াও সাক্ষী হিসেবে ইতোমধ্যে ১৬ জন আদালতে জবানবন্দী দিয়েছেন।
এএইচ





