হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বাকি আর কয়েকদিন। দুর্গাপূজাকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি চলছে গাইবান্ধার জেলাজুড়ে। এ বছর জেলায় ৫৬৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
দুর্গা উৎসবকে কেন্দ্র করে পূজামণ্ডপে এখন প্রতিমা তৈরির কাজে ব্যস্ত কারিগররা। প্রতিটি মণ্ডপে রাতদিন কাজ করে প্রতিমা তৈরি করছেন কারিগররা।
সরেজমিনে গিয়ে কারিগরদের সঙ্গে কথা হলে তারা জানান, বিরূপ আবহাওয়ার কারণে এমনিতেই প্রতিমা তৈরি ও শুকানোর কাজটি ইতোমধ্যে বিলম্বিত হয়েছে। তারপরও যথাসময়ে প্রতিমাগুলোর নির্মাণকাজ সম্পন্ন হবে বলে আশা করছেন কারিগররা।
জেলার বেশিরভাগ পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। অনেক প্রতিমার গায়ের রঙের প্রলেপ দেওয়া হয়েছে। এখন শুধু শেষ সময়ের রঙের কাজ বাকি।
জেলার সাতটি উপজেলায় এ বছর ৫৬৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সুন্দরগঞ্জ উপজেলায় ১২৩টি, সাদুল্যাপুরে ১০০টি, পলাশবাড়ীতে ৬২টি, গোবিন্দগঞ্জে ১০৮টি, সাঘাটায় ৫৭টি, ফুলছড়িতে ১৭টি ও গাইবান্ধা পৌরসভায় ১৭টিসহ সদর উপজেলায় ৯৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক এহছান এলাহী জানান, এ বছর জেলায় সুষ্ঠু, সুন্দর ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজিৎ বকসী সূর্য জানান, জেলার সব পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ এগিয়ে চলছে। এখন শুধু রং বাকি রয়েছে। জেলায় এবার দুর্গাপূজা অনুষ্ঠানের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





