কক্সবাজারে পুলিশের হাতে আটক দুই রোহিঙ্গা কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

গতকাল জেলার টেকনাফের হ্নীলার লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশ আহত ও ঘটনাস্থল থেকে ২ হাজার ২০০ ইয়াবা, ২টি এলজি, ৭ রাউন্ড তাজা কার্তুজ ও প্রায় ৭ লাখ টাকা জব্দ করেছে বলে পুলিশের দাবি।

এ বিষয়ে টেকনাফ থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাশ বলেন, রোববার সন্ধ্যায় আটক রোহিঙ্গাদের নিয়ে রাত ২টার দিকে তাদের ঢেরায় ইয়াবা ও অস্ত্র উদ্ধারে গেলে এ 'বন্দুকযুদ্ধ' হয়।

নিহতরা হলেন, কক্সবাজারের টেকনাফের হ্নীলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাঁচা মিয়ার ছেলে মুহাম্মদ আলম (৩৫) ও জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের আলী হোসেনের ছেলে মুহাম্মদ রফিক (২০)।

ওসি প্রদীপ কুমার দাশ আরও জানান, ইয়াবা কারবারী রোহিঙ্গা আলম ও রফিককে রোববার সন্ধ্যায় আটক করে পুলিশ। তাদের স্বীকারোক্তি মতে রাত ২টার দিকে লেদা ক্যাম্প এলাকায় ইয়াবা ও অস্ত্র উদ্ধারে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারীরা গুলি বর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

প্রায় ৪০ রাউন্ড গুলি চালানোর পর ইয়াবা কারবারীরা পিছু হটে। তখন ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে রফিক ও আলমের গুলিবিদ্ধ দেহ পাওয়া যায়। আহত হন এসআই সাব্বির ও এসআই বাবুল।

গুলিবিদ্ধ দেহগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনায় মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা হচ্ছে বলে উল্লেখ করেন ওসি।

জেড