পিরোজপুরে কামরুল শেখ (৩৫) নামে এক ওষুধ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শনিবার (0৮ ফেব্রুয়ারি) সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা গ্রামের তালুকদার বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
নিহত কামরুল শেখ জেলা সদরের টোনা ইউনিয়নের চলিশা গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে এবং চলিশা বাজারের ফার্মেসি ‘মা মেডিক্যাল হল’ এর মালিক।
নিহত কামরুলের ভাই মাসুদ শেখ জানান, কয়েকদিন ধরে জেলা সদরের সাতবেকুটিয়া গ্রামের আলতাফ শেখের ছেলে সাকিল চাঁদা দাবি করে আসছিল নিহত কামরুলের কাছে। শনিবার সকালেও সাকিলসহ কয়েকজন কামরুলের দোকানে এসে হুমকি দেয়। এ সময় কামরুল চাঁদা দিতে রাজি না হলে, তার বুক, মাথা ও শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করা হয়। কামরুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সাকিলসহ অন্যরা পালিয়ে যায়। পরে কামরুলকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালটির চিকিৎসক ডা. আরিফ হাসান জানান, হাসপাতালে আনার আগেই কামরুল মারা যান। অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পিরোজপুর সদর থানার এসআই মো. জাফরুল হাসান জানান, টাকা-পয়সার লেনদেনের বিষয় নিয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে। অভিযুক্তদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ। হামলাকারীদের ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।
এমবি





