শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সীমান্তবর্তী এলাকা থেকে একটি চাইনিজ পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ দুই আদিবাসী যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের গজনী এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- উপজেলার গজনী এলাকার অনুকূল মারাকের ছেলে লিকি মারাক (৩২) ও প্রবীণ মারাকের ছেলে কুইং মারাক(৩০)।

ঝিনাইগাতী থানার ওসি আবুবকর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঝিনাইগাতী থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই পিস্তল ও গুলিসহ দুই যুবককে আটক করা হয়।

এদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় ৫-৬টি মামলা রয়েছে। আটককৃতরা তাদের সহযোগীদের নিয়ে পিকনিক স্পট গজনী অবকাশ ও এর আশপাশের এলাকায় ছিনতাই এবং ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত করে আসছিল।

আটককৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও ওসি জানান।

এএইচ