ঝালকাঠিতে বিএনপি-জামায়াতের মিছিলে বাধা দিতে গেলে জেলা ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে জখম করা হয়েছে। জেলা শহরের মানপাশা সড়কে বুধবার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধের সমর্থনে সকালে মিছিল বের করে বিএনপি-জামায়াত। এ সময় জেলা ছাত্রলীগের সদস্য নজরুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা বাধা দিতে যান।
মিছিলকারীরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালালে নজরুল ইসলামের মাথায় গুরুতর জখম হয়। মিছিলকারীরা স্থানীয় যুবলীগ কার্যালয়েও হামলা ও ভাঙচুর চালায়।
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিক জানান, সকাল সাড়ে ৮টার দিকে জেলা বিএনপির সেক্রেটারি মনিরুল ইসলাম নুপুরের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়।
মিছিলে বাধা দিতে গেলে জেলা ছাত্রলীগের সদস্য নজরুল ইসলামকে পিটিয়ে জখম করা হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসএইচ





