রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার খাগজানা গ্রামের মো. রুবেলকে সিআইডির মানবপাচার শাখা (টিএইচবি) ইউনিট ফরিদপুরের চরভদ্রাসন এলাকা থেকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব জানান, আর্থিক সংকটে থাকা ভুক্তভোগী নারী একটি এনজিও থেকে ঋণ নেন। ওই এনজিওতে কর্মরত রুবেলের সঙ্গে তার পরিচয় হয়। পরে রুবেল কম্বোডিয়ায় কাস্টমার কেয়ার সার্ভিসে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তাকে বিদেশে পাঠানোর প্রস্তাব দেন।

অভিযোগ অনুযায়ী, প্রথমে ভুক্তভোগীকে এক লাখ টাকা ঋণ নিতে সহায়তা করে সেই অর্থ নিজের কাছে নিয়ে নেন রুবেল। পাশাপাশি তার পাসপোর্টও সংগ্রহ করেন। পরে বিদেশে পাঠানোর কথা বলে বিভিন্ন সময়ে আরও অর্থ নেন। ধারদেনা করে ভুক্তভোগী অভিযুক্তের দেওয়া ব্যাংক হিসাবে দুই লাখ টাকা জমা দেন। সব মিলিয়ে তার কাছ থেকে চার লাখ টাকা নেওয়া হয়।

এরপর ২০২৫ সালের আগস্টে ভুক্তভোগীকে কম্বোডিয়ায় পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর চক্রের সদস্যরা তার পাসপোর্ট ও সঙ্গে থাকা অর্থ জোর করে নিয়ে নেয়। পরে তাকে বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তর করে অনিচ্ছাকৃত কাজ করানো হয় এবং তার উপার্জিত অর্থ আত্মসাৎ করা হয়। একপর্যায়ে তাকে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে অংশ নিতে বাধ্য করার চেষ্টা করা হয়। এতে রাজি না হওয়ায় শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং দেশে ফিরতে চাইলে প্রাণনাশ ও অন্য দালালের কাছে বিক্রি করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও মানবিক সংস্থার সহযোগিতায় গত ১ জুলাই ২০২৬ দেশে ফেরেন ভুক্তভোগী। দেশে ফিরে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন।

সিআইডি জানায়, ভুক্তভোগীর দেওয়া তথ্য, সাক্ষ্য-প্রমাণ, নথিপত্র ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে অভিযান চালিয়ে চক্রের মূল অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে হাজির করা হলে আদালতের আদেশে তার জবানবন্দি গ্রহণ করা হয়।

অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব বলেন, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মানবপাচার চক্রের অন্যান্য সদস্য, আর্থিক লেনদেন, বিদেশে অবস্থানরত সম্ভাব্য ভুক্তভোগী এবং দেশি-বিদেশি সহযোগীদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে।

বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে উচ্চ বেতনের চাকরির প্রলোভনে না পড়ে সরকার অনুমোদিত বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার আহ্বান জানায় সিআইডি এবং একইসঙ্গে বিদেশে পাঠানোর নামে প্রতারণা, মানবপাচার বা নির্যাতনের তথ্য পাওয়া গেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী বা সিআইডিকে জানানোর অনুরোধ করে।

এমএম