র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে কিছু নেই। একটি বিশেষ শ্রেণী এগুলো প্রচার করে। তাদের একটা উদ্দেশ্য আছে। আপনারা সস্তা কথার চমকে বিভ্রান্ত হবেন না। বিচারের মধ্যেও হত্যাকান্ড রয়েছে। তাহলে এ বিষয়টি কি?

রোববার বিকালে খুলনা র‌্যাব-৬ এর সদর দপ্তরে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশ্যে বেনজির আহমেদ বলেন, কয়েক দিন আগে ফ্রান্সের ঘটনা দেখেছেন। সেখানে তো কেউ বিচার বহির্ভূত হত্যার কথা বলেননি। পুলিশকে কেন অস্ত্র দেয়া হয়, আইনশৃঙ্খলা বাহিনীকে কেন অস্ত্র দেয়া হয়েছে? অনিরাপদ কোনো ঘটনা ঘটলে তারা ব্যবহার করবেন।

র‌্যাব প্রধান বলেন, বর্তমানে একটি গোষ্ঠী সংঘবদ্ধভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিবাস চন্দ্র মাঝি, ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল, র‌্যাব-৬ এর পরিচালক এনামুল আরিফ সুমনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএ