সিলেটের বিছনাকান্দিতে পাথর তোলার সময় মাটিচাপায় ৩ শ্রমিক নিহত হয়েছেন।

আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে গর্ত করে পাথর তোলার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় রোস্তমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবদুস সামাদ নিহত ৩ জনের মধ্যে ২ জনের পরিচয় নিশ্চিত করেছেন। তাঁরা হলেন বাকির আলী (২০) ও তোলা মিয়া (২৫)।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘৩ জন নিহতের সংবাদ জানতে পারলেও পাথর ব্যবসায়ীরা পুলিশকে না জানিয়ে লাশগুলো সুনামগঞ্জে তাঁদের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। এখন লাশ উদ্ধারের চেষ্টা চলছে।’

গত ২৩ জানুয়ারি সিলেটের কোম্পানীগঞ্জে একটি টিলা খুঁড়ে অবৈধভাবে পাথর তোলার সময় মাটিচাপায় ৬ জন শ্রমিক নিহত ও ৩ জন আহত হয়েছিলেন।

এমবি