ব্রিটেনের পার্লামেন্টের লেবার পার্টির সদস্য জো কক্স হত্যাকাণ্ডে শোক জানিয়ে দেশটির স্পিকার ও লেবার পার্টি প্রধানকে বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৮ জুন) প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানায়। বৃহস্পতিবার (১৬ জুন) ব্রিটেনের লিডস শহরের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে একটি লাইব্রেরির কাছে গুলি করে হত্যা করা হয় কক্সকে।
ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের স্পিকার জন বারসোকে দেওয়া শোকবার্তায় শেখ হাসিনা বলেন, এমপি কক্সকে বর্বরোচিতভাবে হত্যার খবরে আমি স্তম্ভিত ও শোকাহত।
এই হত্যাকাণ্ডে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং হত্যাকাণ্ডের শিকার কক্সের শোকাহত পরিবারকে আন্তরিক ও গভীর সমবেদনা জানাই।
বাংলাদেশ ও যুক্তরাজ্য বাকস্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা ও সহনশীলতার চিরায়ত মূল্যবোধে বিশ্বাসী। এই শোকের সময়ে আমরা কক্স ও তার শোকাহত পরিবার এবং যুক্তরাজ্যের গণতন্ত্রপ্রেমী জনগণের জন্য প্রার্থনা করছি।
কক্সের দল লেবার পার্টির প্রধান জেরেমি করবিনকে দেওয়া শোকবার্তায় শেখ হাসিনা বলেন, প্রগতিশীল ও প্রতিশ্রুতিশীল এমপি কক্সের হত্যাকাণ্ড আমাদের শোকাহত ও স্তম্ভিত করে দিয়েছে।
তার মৃত্যুতে লেবার পার্টি এবং ব্রিটেন এমন একজন বিজয়ী রাজনৈতিক কর্মীকে হারালো, যিনি সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনপদের পাশে দাঁড়িয়েছিলেন। বিশ্ব শান্তি ও সহনশীলতায় নিঃস্বার্থ অবদানের জন্য তিনি বেঁচে থাকবেন সবার মাঝে।
এআই





