রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে অঘোষিত পরিবহন ধর্মঘট। দুই জেলার বাস শ্রমিক ও মালিকদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে রাজশাহী থেকে আজও কোনো বাস ছেড়ে যাচ্ছে না।

এতে দ্বিতীয় দিনের মতো আজ (বুধবার) চরম দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের সাধারণ যাত্রীরা।

ঠিক কখন বা কবে নাগাদ রাজশাহী-নাটোর ঢাকাসহ দেশের অন্যান্য জেলার সঙ্গে বাস চলাচল স্বাভাবিক হবে সে ব্যাপারে কোনো কথা বলছেন না রাজশাহীর পরিবহন নেতারা।

উদ্ভুত পরিস্থিতিতে পার্শ্ববর্তী নাটোর বাস মালিক সমিতি মঙ্গলবার (২৬ জুলাই) সংবাদ সম্মেলন করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে।

বেধে দেওয়া সময়ের মধ্যে চলমান সঙ্কট সমাধান না হলে তারা নাটোরের ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেবেন বলেও হুঁশিয়ারি দেন। ফলে সময় যতো গড়াচ্ছে এ দু’জেলার পরিবহন শ্রমিক ও বাস মালিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ততোই প্রকট আকার ধারণ করছে।

অভিযোগ উঠেছে, পরিবহন চলাচলে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেনের একচ্ছত্র আধিপত্যে এ দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। তার আস্ফালনে রাজশাহীর বাস শ্রমিকরা নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না। নাটোরসহ বিভিন্ন জেলায় বিশৃঙ্খলভাবে বাস চালাচ্ছেন।

মঙ্গলবার সংবাদ সম্মেলনের সময় খোদ নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি প্রশান্ত কুমার পোদ্দার প্রকাশ্যে রাজশাহীর এ দাপুটে নেতার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন।

তিনি বলেন, রাজশাহী থেকে নাটোর মালিক সমিতির কোনো বাস যাত্রী নিয়ে ছেড়ে গেলে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে প্রতিটি বাস থেকে প্রতিদিন মোটা অংকের চাঁদা আদায় করেন।

এসব বিষয়ে শ্রমিক ইউনিয়নের ওই নেতাকে একাধিকবার অভিযোগ করা হয়। কিন্তু তিনি এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। উল্টো শ্রমিকদের লেলিয়ে দিয়েছেন।

অথচ নাটোরের ওপর দিয়ে রাজশাহীর সব বাস চললেও তাদের সঙ্গে কখনোও এমন আচরণ করা হয়নি। সীমা লঙ্ঘন করায় এবার বাস চলাচল বন্ধ করতে বাধ্য হয়েছেন।

শুধু তাই নয় ৪৮ ঘণ্টার মধ্যে সুষ্ঠু সমাধান না হলে নাটোরের ওপর দিয়ে সব যান চলাচল বন্ধ করা হবে বলেও জানান তিনি।

এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন ঢাকাসহ বিভিন্ন রুটের সাধারণ যাত্রীরা। সকাল থেকে যাত্রীদের চাপ পড়েছে রাজশাহী রেলওয়ে স্টেশনে। কিন্তু সেখানেও স্বস্তি নেই। কারণ ট্রেনেরও টিকিট নেই। অনেকে উপায় না পেয়ে জরুরি ভিত্তিতে ঢাকা যাওয়ার জন্য ‘স্ট্যান্ডবাই’ টিকিট নিয়ে সকালে ঢাকায় ছুটছেন।

অঘোষিত ধর্মঘট প্রশ্নে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন বলেন, এর দায় নাটোর বাস মালিক সমিতির। তারাই নাটোর দিয়ে বাস চলাচল করতে দিচ্ছেন না।

তারাই সমস্যা করছেন। এর প্রতিবাদে রাজশাহী থেকেও সব রুটের বাস বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় নাটোর জেলার বাস থেকে চাঁদা আদায়ের বিষয়টি সরাসারি অস্বীকার করেন তিনি।

এসএম