ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ট্রানজিট পণ্যের প্রথম চালান গেল ভারতের ত্রিপুরায়।

আজ (২৩ জুলাই) বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রড ও ডাল নিয়ে ৪টি টেইলর স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছে।

ভারতের কোলকাতা থেকে চট্টগ্রাম নৌবন্দর ও বাংলাদেশের মহাসড়ক ব্যবহার করে প্রথমবারের মত পরীক্ষামূলক ট্রানজিট প্রক্রিয়ায় এই পণ্য গেল ভারতের ত্রিপুরা ও আসাম রাজ্যে।

চারটি ট্রলারে কলকাতা থেকে আনা চট্টগ্রাম বন্দর থেকে চারটি কনটেইনারে ত্রিপুরার জন্য টিএমটি বার (রড) ৫৩.২৫ টন এবং আসামের করিমগঞ্জের জন্য ৪৯.৮৩ টন ডালভর্তি ছিল।

এ সময় নোম্যান্সল্যান্ডে (শূন্যরেখা) ভারতীয় পণ্যের কাগজপত্র আখাউড়া কাস্টমস কর্তৃপক্ষের সুপারিন্টেনডেন্ট মোহাম্মদ আলীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন আগরতলা স্থলবন্দর কাস্টমস সুপারিন্টেনডেন্ট জয়দ্বীপ মুখার্জি ও আগরতলা ল্যান্ডপোর্ট অথরিটি জয়ন্তী চৌধুরী।

পরে সকাল ১০টায় আগরতলা স্থলবন্দরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভারতীয় পণ্যের চালান আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

এরআগে বুধবার (২২ জুলাই) বিকালে ৪টি ট্রেলারে করে চারটি কন্টেইনার ভর্তি ভারতীয় পণ্য আখাউড়া স্থলবন্দর আসে।

আগরতলা স্থলবন্দর কাস্টমস সুপারিন্টেনডেন্ট জয়দ্বীপ মুখার্জি নোম্যান্সল্যান্ডে (শূণ্যরেখা) জানান, এই পণ্য পরিবহনের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত দু’দেশের এক নবদিগন্তের সূচনা হলো। এতে একদিকে যেমন ভারতের উত্তর-পূর্বাঞ্চলে পণ্য পরিবহন দ্রুত হবে, তেমনি দুই দেশের অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে। আর্থিক দিক দিয়ে দুই দেশেই লাভবান হবে। ভারতের উত্তর-পূর্ব রাজ্যের পণ্য পরিবহন সহজ হওয়ার সঙ্গে ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত হবে।

আগরতলা ল্যান্ডপোর্ট অথরিটি জয়ন্তী চৌধুরী জানান, চার কনটেইনারের দুটিতে রয়েছে ইস্পাতপণ্য ‘টিএমটি বার’ এবং অপর দুটিতে রয়েছে ডাল।

জানা গেছে, ২০১৮ সালের ২৫ অক্টোবর বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে সম্পাদিত ‘এগ্রিমেন্ট অন দ্য ইউজ অব চট্টগ্রাম অ্যান্ড মোংলা পোর্ট ফর মুভমেন্ট অব গুডস টু অ্যান্ড ফ্রম ইন্ডিয়া বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া’ চুক্তির আওতায় এবং ২০১৯ সালের ৫ অক্টোবর উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী বাংলাদেশের বন্দর ব্যবহার করে নিজ দেশে পণ্য পরিবহন শুরু করেছে ভারত।

পরীক্ষামূলক প্রথম চালান হিসেবে চারটি কন্টেইনারে করে ৫৩.২৫ মেট্রিক টন রড ও ৪৯.৮৩ মেট্রিক টন ডাল নিয়ে গত ১৪ জুলাই চট্টগ্রাম সমুদ্র বন্দরের উদ্দেশ্যে রওনা হয় ‘সেজুতি’ নামে একটি জাহাজ। জাহাজটি গত মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে চট্টগ্রাম সমুদ্রবন্দরে নোঙর করে।

এমবি