‘খালেদা জিয়া আগুন সন্ত্রাসী। তিনি বিপদজন ব্যক্তি। সিটি নির্বাচনের কারণে আপতত আগুন সন্ত্রাস থেকে দূরে রয়েছেন। আগামীতে তিনি আবারও মানুষ পুড়িয়ে মারার কর্মসূচি নেবে। বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে সাজা না দিলে তার হাত থেকে দেশ এবং মানুষকে বাঁচানো যাবে না। আগুনে পুড়িয়ে মানুষ মারার জন্য বিচার করে সাজা দিয়ে তাকে রাজনীতির মঞ্চ থেকে দূর করতে হবে।’
রোববার দুপুরে মানিকগঞ্জ জেলা জাসদের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু একথা বলেন।
মানিকগঞ্জ বিজয়মেলা মাঠে অনুষ্ঠিত সমাবেশে জেলা জাসদের সভাপতি ইকবাল হোসেন খানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য শিরিন আক্তার এমপি, সহ-সভাপতি মীর হোসেন আক্তার, সাংগঠনিক সম্পাদক শওকত রায়হান, লুৎফর তাহের এমপি, জেলা কমিটির সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি প্রমুখ।
এরআগে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় হাসানুল হক ইনু বলেন, ‘সরকার ওয়েজবোর্ড ঘোষণা করেছে। এখন এ ওয়েজবোর্ড আদায় করতে হলে মফস্বল সাংবাদিকদেরই দায়িত্ব নিতে হবে। এমন অনেক হাউজ আছে যারা ওয়েজবোর্ড অনুযায়ী নিয়োগ দেয়, কিন্তু বেতন দেয়ার সময় অর্ধেকও দেয় না।’
মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তব্য দেন সহ-সভাপতি সাইফুদ্দিন আহম্মেদ নান্নু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস।
হাসানুল হক ইনু আরও বলেন, ‘খালেদা জিয়ার মদদে জঙ্গিবাদ শক্তিশালী হয়ে উঠেছে।’ তিনি খালেদা জিয়ার ব্যাপারে সবাইকে সচেতন থাকতে আহ্বান জানান।
জেআই





