প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “জমি সুরক্ষা করতে হবে। বেশি রাস্তা নির্মাণ করলে পানি চলাচলও বাধাগ্রস্ত হয়।”
তিনি আরও বলেন, “বাড়ির পাশ দিয়ে রাস্তা নিতে প্রয়োজনের অতিরিক্ত রাস্তা নির্মাণ করা যাবে না। এই ধরনের মানসিকতার বাইরে আসতে হবে।”
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এই নির্দেশনা দেন। একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এই তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী জানান, যাদের অল্প জমি রয়েছে এবং সেই জমিতে বাড়িঘর করে থাকছে, সেসব জমি অধিগ্রহণ করা থেকে যতটা সম্ভব বিরত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী।
এম এ মান্নান বলেন, “প্রধানমন্ত্রীর প্রথম মন্তব্য ছিল জামালপুরের সড়ক নিয়ে। সড়ক নির্মাণ ভালো। মেনটেন্যান্স আরও ভালো। তিনি বলেছেন, একটা ভারসাম্য তৈরি করতে হবে। শুধু নির্মাণ করলে হবে না। আমাদের আর্থিক সক্ষমতা, টেকনিক্যাল সক্ষমতারও মাপজোখ রাখতে হবে।”
পরিকল্পনামন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর বার্তা হলো- চিন্তাভাবনা করে রাস্তা বানাতে হবে। যাতে এটা আমাদের যথাযথভাবে কাজে লাগে, যাতে এটার মেনটেন্যান্স করা যায়। রাস্তা নির্মাণের ক্ষেত্রে খুব সচেতন হতে হবে। আমরা আর্থিকভাবে এটা মেনটেইন করতে পারবো এবং অপ্রয়োজনীয় কাজ যেমন আমার বাড়ির পাশ দিয়ে যাবে, এই ধরনের মানসিকতার বাইরে আমাদের আসতে হবে।”
“জমি সুরক্ষা করতে হবে, বেশি সড়ক নির্মাণ করলে জলাভূমির দেশে পানি চলাচল বাধাগ্রস্ত হয়। এটা জ্ঞানীরা আগেই বলেছেন। এই সম্পর্কে তিনি আমাদের সাবধান হতে বলেছেন।” বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এমবি





