চট্টগ্রাম মহানগরীর পৃথক তিন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩টি ট্রাক বোঝাই প্রায় ১০ লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ কাঠ আটক করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ।
বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর মদুনাঘাট এবং কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার এলাকা থেকে এ সব কাঠ বোঝাই ট্রাক আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের শহর রেঞ্জ কর্মকর্তা সৈয়দ মাহমুদুল্লাহ।
শহর রেঞ্জের বনকর্মী জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে নগরীর ফিরিঙ্গিবাজার এলাকায় অভিযান চালিয়ে ঢাকায় পাচারের প্রস্তুতিকালে (চট্ট- মেট্রো-ট-১১-০৮৭১) একটি হিনোট্রাক আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে প্রায় ৪০০ ঘনফুট অবৈধ গামারি প্রজাতির গোলকাঠ আটক করা হয়। আটককৃত কাঠের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।
উত্তর বন বিভাগের শহর রেঞ্জের একই অভিযানকারী দল নগরীর মদুনাঘাট ও নজুমিয়া হাটের মাঝামাঝি এলাকায় কাপ্তাই সড়কে অভিযান চালিয়ে (চট্ট-মেট্রো-ন-১১- ২৬৪৯) এবং (চট্ট-মেট্রো-ন-১১-২৯০৪) দুটি মিনি ট্রাক আটক করে। ওই দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৪০০ ঘনফুট চিরাই কাঠ উদ্ধার করে।
চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা এম খালেক খান জানান, তিন ট্রাক কাঠ আটকের ঘটনায় বন আইনে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। আটক কাঠ ও ট্রাক বন বিভাগের কালুরঘাট ডিপু হেফাজতে রাখা হয়েছে।
কেএইচ





