মাগুরার শালিখা উপজেলার শতখালী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় রিয়া বিশ্বাস (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার (২ মে) দুপুর ১২টার দিকে মাগুরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় রিয়ার বাবা সজল বিশ্বাস গুরুতর আহত হন। তাদের বাড়ি মাগুরা সদর উপজেলার শিরিশদিয়া গ্রামে। রিয়া উপজেলার আলোকদিয়া বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, সজল তার মেয়ে রিয়াকে নিয়ে মোটরসাইকেলে করে যশোরের চৌগাছা থেকে বাড়ি ফিরছিলেন। পথে শতখালী এলাকায় এলে তাদের মাথার ওপর গাছের শুকনো ডাল ভেঙে পড়ে।
এ সময় মোটরসাইকেলসহ তারা রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা বাবা-মেয়েকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রিয়াকে মৃত ঘোষণা করেন।
সজলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে মাগুরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
ওএফ





