প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি এখন খুবই দৃশ্যমান। তাই দলের জাতীয় সম্মেলনে যোগদানকারী বিদেশি নেতারা বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন।

আজ শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের নবগঠিত সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠকে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দলের নেতৃবৃন্দের মূল দায়িত্ব হলো জনগণের প্রকৃত সমস্যা জানা এবং আমাদেরকে সেগুলো জানানো।’

দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা উন্নয়নের জন্য পদক্ষেপ নেব এবং দলের দায়িত্ব তা করতে আমাদেরকে সহায়তা করা।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের মনে রাখতে হবে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হয়েছে বিশ্বের দরবারে মাথা উঁচু করে রাখার জন্য।’

গত ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলের নতুন সভাপতিমণ্ডলী গঠিত হয়। সম্মেলনের পরপরই ১৯ সদস্যের সভাপতিমণ্ডলীর মধ্যে ১৬ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।

সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নুরুল ইসলাম নাহিদ, ড. আবদুর রাজ্জাক, ফারুক খান, আবদুল মান্নান খান, রমেশ চন্দ্র সেন, পীযূষ কান্তি ভট্টাচার্য এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে অংশ নেন।

এআই