লালমনিরহাটের আদিতমারীতে চুরি করার অপরাধে মোকছেদুল ইসলাম নামে এক ব্যাক্তিকে রশি দিয়ে খুঁটিতে বেঁধে মারপিট করা হয়েছে।
রোববার সকালে ওই উপজেলার বুড়িরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। মারপিটের শিকার মোকছেদুল ইসলাম ওই উপজেলার বুড়িরবাজারের নৈশ্যপ্রহরী অহেদুল ইসলামের জামাতা ও একই জেলার পাটগ্রাম উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোকছেদুল ইসলামকে রোববার ভোর রাতে বুড়িরবাজার এলাকায় মোশারফ হোসেনের দোকান চুরি করার অভিযোগে আটক করেন স্থানীয় নৈশ প্রহরীরা। সকালে কতিপয় লোকজন আটক মোকছেদুলকে খুঁটিতে বেঁধে রাখে। চোর আটকের খবর শুনে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ছুটে এসে চোর মোকছেদুলকে মারপিট করেন। পরে চুরির অভিযোগে অভিযুক্ত মোকছেদুলকে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
বুড়িরবাজার বনিক সমিতির সভাপতি আব্দুল হাকিম বলেন, আমি বর্তমানে বাহিরে অবস্থান করছি। এ বিষয়ে কিছু জানি না।
আদিতমারী থানার ওসি হরেশ্বর রায় বলেন, এমন কোন খবর আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিবো।
এমই/নুরনবী





