কোটা সংস্কার আন্দোলনের পেছনে অশুভ শক্তির হাত আছে বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক। তাঁর মতে, এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।
আজ সোমবার সচিবালয়ে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে যোগ দিতে এসে নিজের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের এই নেতা।
নানক বলেন, ‘আমরাও ছাত্র আন্দোলন করেছি। যৌক্তিক দাবিতে, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে। কিন্তু গতকাল কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন হলো সেটা কোন ধরনের?’
গতকাল রোববার ব্যাপক তাণ্ডব চালানো হয়েছে উল্লেখ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘গান পাউডার দিয়ে বিভিন্ন জিনিস পুড়িয়ে দেওয়া হয়েছে, ভিসির বাসভবনে হামলা হয়েছে। এগুলো আন্দোলনের আওতায় পড়ে না। এগুলো ধ্বংসাত্মক কর্মসূচি।’
এর পেছনে যারা আছে তাদের তদন্তের মাধ্যমে খুঁজে বের করা হবে বলে জানান নানক। তিনি বলেন, ‘দেশ বর্তমানে স্থিতিশীল। এই স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। এখানে কোমলমতি ছাত্রছাত্রীদেরকে ভুল বোঝানো হয়েছে।’
সরকার মেধাবীদের অবহেলার পক্ষে নয় বলেও মন্তব্য করেন এই নেতা।
এমআর





