চলমান অবরোধে নাশকতা চেষ্টার অভিযোগে রাজবাড়ী বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।
আটককৃতরা হলেন- বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বিএনপি সভাপতি খন্দকার ইজাজুল হক মনা (৫২), বালিয়াকান্দি সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক ও শালমারা ১নং ওয়ার্ডের মেম্বার মহসিন খান (৪২), কালুখালী উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম শাহাদত (৪৫), পাংশা উপজেলার বিএনপি কর্মী মো. সিরাজুল ইসলাম (৫৪) ও মো. আফছার মন্ডল (৬০)।
পুলিশ জানায়, শনিবার রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এই বিক্ষোভ মিছিল থেকে তারা নাশকতা সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে এই জন্য তাদেরকে আটক করা হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত, পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার ও কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরে আলম ফকির পাঁচজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ দিকে বিএনপি নেতা-কর্মীদের আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং তাদেরকে মুক্তির দাবি করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী রহমান মানিক।
কেএইচ





