চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন (২২) ও তার সহযোগী একই ইউনিয়নের ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন (২০)নামে দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
তাদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- একটি ৭.৬৫ বোরের অত্যাধুনিক মডেলের বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন।
গতকাল রোববার রাত সাড়ে ১১ টার দিকে নগরীর কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয় বলে জানায় পুলিশ।
কর্ণফুলী থানার অফিসার ইন চার্জ (ওসি) মহিউদ্দিন জানান, রাতে নিয়মিত তল্লাশিকালে একটি সিএনজি অটোরিক্সাকে সন্দেহ হলে তা থামিয়ে তল্লাশি করে দুজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউণ্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
কর্ণফুলি থানার ডিউটি অফিসার জানান,  আটক ইমরান সাতকানিয়ার সাতবাড়িয়া এলাকার জামাল হোসেনের পুত্র। অপরদিকে দেলোয়ার একই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।
খবর নিয়ে জানা গেছে, সাতকানিয়াতে সাতবাড়িয়া নামে কোন ইউনিয়ন নেই। সাতবাড়িয়া চন্দনাইশের ইউনিয়ন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতরা সাতকানিয়ার সদহা ইউনিয়নের বাসিন্দা। ইমরান হোসেন উক্ত ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি। তবে নিজেদের মধ্যে সংঘর্ষের জের ধরে ৫ মাস আগে ছাত্রলীগের কমিটি ভেঙ্গে দেয়া হয়। এ ঘটনায় ইমরান দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। আটক দেলোয়ার তার গ্রুপের নেতা।
রোববার রাতে নগরী থেকে সাতকানিয়ায় যাবার পথে দলীয় বিরোধের জের ধরে অপর পক্ষের নেতারা পুলিশকে তথ্য দিয়ে তাদের দুজনকে ধরিয়ে দেয় বলে জানা গেছে।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]