হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরের মাছবাজার এলাকায় সোনাই নদীতে নৌকাডুবিতে ফিরোজা বেগম (৫০) নামের এক নারীর করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশু, নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

গুরুতর আহতদের ব্রাহ্মণবাড়িয়া ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মাধবপুর থানার ওসি মোল্লা মনির হোসেন।

তিনি বলেন, খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় নিহত ও আহতদের উদ্ধার করতে সক্ষম হয়।

গুরুতর আহত অবস্থায় নেকজান (৫০), মন্নাত (৬০) , আনোয়ারাসহ (৫০) সাতজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে  ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা সদর থেকে নৌকাযোগে একদল নারী, পুরুষ  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুর মাজারে যাবার সময় উপজেলা সদরের মাছবাজার এলাকায় পৌঁছা মাত্র নৌকাটি পানির নিচে তলিয়ে যায়। এতে মাধবপুর পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর নুরের স্ত্রী ফিরোজা বেগম মারা যান।

 

এমআর