দিনাজপুরে প্রধানমন্ত্রীর টেলিকনফারেন্স বয়কট করল সাংবাদিকরা। এইচএসসি পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিনাজপুরের বিভিন্ন পর্যায়ের মানুষের টেলিকনফারেন্স অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়ায় ওই অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নেন তারা।

আজ (বুধবার) সকালে প্রধানমন্ত্রীর টেলিকনফারেন্স বয়কট করেন তারা।

বয়কটের পাশাপাশি সাংবাদিকরা এঘটনার তীব্র নিন্দা জানিয়ে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করেছেন।

সাংবাদিকরা জানান, আজ (বুধবার) সকাল ১০ টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিনাজপুরের এইচএসসি পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে টেলিকনফারেন্সের আয়োজন করা হয়।

নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগেই সাংবাদিকরা সেখানে প্রবেশ করলেও সাংবাদিকদের কনফারেন্স কক্ষে প্রবেশ করতে বাধা দেয় প্রশাসনের লোকজন।

দীর্ঘসময় অতিবাহিত হলেও সাংবাদিকরা প্রবেশ করতে না পারায় তারা জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় সাংবাদিকরা নেতারা অনুষ্ঠান বয়কট করার ঘোষণা দেন।

সাংবাদিক নেতারা বলেন, এর আগেও বিভিন্ন সময়ে জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে অসহযোগিতা করেছেন। ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড করলে জেলা প্রশাসনের সব ধরনের অনুষ্ঠান বয়কট করার ঘোষণা দেন সাংবাদিকরা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব শাহ্ আলম শাহী। সমাবেশ শেষে অনুষ্ঠান বয়কট করে চলে আসেন তারা।

ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ