শ্রমিক নির্যাতন বন্ধ করা, তাজরীন ফ্যাশন্স ও রানা প্লাজায় শ্রমিক হত্যাকারী মালিকদের ফাঁসি এবং অবিলম্বে তোবা গ্রুপের ৫ কারখানার শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে বরিশালে প্রতীকী অনশন করেছে গণতান্ত্রিক বাম মোর্চা।
বুধবার বেলা ১১টা থকে ১টা পর্যন্ত অশ্বিনী কুমার হল চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সমন্বয়ক অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাড়ৈর সভাপতিত্বে অনশনকালে বক্তারা বলেন, মালিকদের সব চলে, কেবল শ্রমিকদের মজুরি দিতে তাদের গায়ে লাগে। শ্রমিক ঠকিয়ে কিভাবে মালিকরা আরও ধনী হবে এই প্রতিযোগিতায় ব্যাস্ত তারা। অবাক করা বিষয় হলো, রাষ্ট্র মালিকদের পক্ষে কাজ করছে। এসময় বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন, শ্রমিকদের ন্যায্য পাওনা না দিলে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে।
একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট একে আজাদ, গণফোরাম জেলা সভাপতি অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু, গন সংহতির দেওয়ান আব্দুর রশিদ।
ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





