কুড়িগ্রামের দাসিয়ারছড়ায় এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বেলা ১১টা ০১ মিনিটে সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার কালিরহাট বাজার সংলগ্ন প্রস্তাবিত গার্লস হাইস্কুল মাঠে এসে পৌঁছান তিনি।
এখানে তিনি দাসিয়ারছড়ার বিদ্যুৎ সংযোগ প্রদান কার্যক্রমের উদ্বোধন, ইডকলের প্রোগ্রামের অধীনে সোলার হোম সিস্টেম বিতরণ এবং সুধী সমাবেশে যোগদান করবেন।
এর আগে সকালে তিনি হেলিকপ্টারে ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। প্রধানমন্ত্রীকে নিয়ে হেলিকপ্টারটি সকাল সাড়ে ১০টার কিছু সময় পর ফুলবাড়ী উপজেলায় নির্মিত হেলিপ্যাডে অবতরণ করে। পরে সেখান থেকে তিনি সড়ক পথে দাসিয়ারছড়ায় আসেন।
দাসিয়ারছড়ার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফুলবাড়ী হেলিপ্যাডে ফিরে আসবেন। সেখান থেকে তিনি হেলিকপ্টারে কুড়িগ্রাম জেলা সদরে আসবেন। পরে দুপুর আড়াইটার দিকে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান করবেন। সেখানে তিনি বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এ সময় তিনি ১৫টি উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন এবং ১৬টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
জনসভা শেষে বিকেলে ঢাকায় ফিরে যাবেন প্রধানমন্ত্রী।
এমএইচ





