সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’কবিরুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন।

আজ (০৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ভোরে শহরের বাইপাস রোডের ধারে কুচপুকুর এলাকা থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

কবিরুলের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় আওয়ামী লীগ নেতা নজরুল হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে। তিনি সদর উপজেলার কাশিমপুর গ্রামের মোক্তার আলির ছেলে।  

সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ভোরে তার কাছে খবর আসে বাইপাস রোডের ধারে কুচপুকুর এলাকায় দুদল ‘মাদক ব্যবসায়ী’র মধ্যে গোলাগুলি চলছে। পরে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, একটি গুলিবিদ্ধ মরদেহ পড়ে আছে। স্থানীয়রা তাকে কবিরুল ইসলাম হিসাবে শনাক্ত করেন। ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল ও ১ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

ওসি আরও জানান, নিহত কবিরুলের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় আওয়ামী লীগ নেতা নজরুল হত্যাসহ পাঁচটি বিভিন্ন মামলা রয়েছে। নিহত কবিরুলের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কবিরুলের বোন আয়েশা খাতুন জানান, তার ভাইকে পুলিশ গত ২৬ আগস্ট ঢাকা থেকে ধরে আনে। এরপর থেকে তিনি পুলিশের কাছেই ছিল। আমরা তার কোনো খোঁজ পাচ্ছিলাম না। আজ শুনছি ভাই বন্দুকযুদ্ধে মারা গেছেন।  পুলিশের কাছে আটক থাকার সময় কীভাবে একজন মানুষ বন্দুকযুদ্ধে নিহত হতে পারে তা আমার বোধগম্য নয়।

এমবি