বান্দরবানে টেকনিক্যাল স্কুল-কলেজ ভবনসহ আড়াই কোটি টাকা ব্যয়ে আটটি উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে এ সব উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর এমপি বলেন, ‘উন্নয়নের চাকা সচল থাকলে কোনো প্রতিবন্ধকতাই বাঁধা হতে পারবে না। দেশ ও জাতীর উন্নয়নে শিক্ষার আলো ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। স্থানীয় জনগোষ্ঠীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হলেই দেশ এগিয়ে যাবে।’

তিনি বলেন, ‘উন্নয়ন হচ্ছে সকল সমস্যার সমাধান। পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে প্রচেষ্টা চালাচ্ছে সরকার।’

টেকনিক্যাল স্কুল-কলেজের শিক্ষার্থীদের সুবিধার্থে ছাত্রাবাস ও বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা, জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, ক্যসাপ্রু মারমা, অংপ্রু ম্রো, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মংক্যচিং চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয়সহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উন্নয়ন কাজগুলো হলো- মেঘলা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ, সূয়ালক ম্রো আবাসিক বিদ্যালয়ের শিক্ষক ডরমেটরি ভবন নির্মাণ, টেকনিক্যাল স্কুল ও কলেজের ভবন নির্মাণ, আমতলী তঞ্চঙ্গ্যা পাড়া থেকে ম্রো বাগান পর্যন্ত সড়ক নির্মাণ, মাঝেরপাড়া বৌদ্ধ বিহারের সাধনা ঘর নির্মাণ, রেইছা সিনিয়র পাড়া বৌদ্ধ বিহার নির্মাণ, আমতলী পাড়া জাদীতে উঠার সিঁড়ি নির্মাণ এবং স্বরলিপি শিল্পী গোষ্ঠীর ভবন নির্মাণ কাজ। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ ও শিক্ষা অধিদফতরের অর্থায়নে এ প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে।

জেআই