জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে কালিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহীন হোসেনকে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে লোহাগড়া উপজেলা ছাত্রলীগ।

মঙ্গলবার উপজেলা চত্বর থেকে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে লক্ষীপাশা বাসস্টান্ডে এসে শেষ হয়। এ সময় কালনা-নড়াইল সড়কের লক্ষীপাশা বাসস্ট্যান্ড এলাকায় কালনা- যশোর সড়ক ৪৫ মিনিট অবরোধ করে রাখে।

পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সি জোসেফ, সাধারণ সম্পাদক এম এম রাশেদুল ইসলাম রাশেদ, সহ-সভাপতি মুন্সি জাকারিয়া হোসেন হামিম, যুগ্ম সাধারণ সম্পাদক ফজল খান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির, পৌর ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি সম্রাট হোসেন প্রমুখ। বক্তারা কালিয়া উপজেলার ইউএনও’র বঙ্গবন্ধুকে নিয়ে কটূত্তির অভিযোগে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

পরীক্ষা চলাকালীন জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল মাহামুদ তুফান ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুলসহ কয়েকজন নেতাকর্মী পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে চাইলে দায়িত্বরত কর্মকর্তা কালিয়া ইউএনও শাহীন হোসেন তাদের বাধা দেন। এবং ছাত্রলীগ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করেন।

অবশ্য এ অভিযোগ অস্বীকার করে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন হোসেন বলেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পরীক্ষা কেন্দ্রে প্রবেশে বাঁধা দেয়ায় তারা মিথ্যা অভিযোগ করছে।

এসএইচ