সিরাজগঞ্জের কাজিপুরে আরজিনা খাতুন (২৫) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাটি স্থানীয়রা আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।

আরজিনা খাতুন উপজেলার উদগাড়ি গ্রামের কৃষক আমজাদ হোসেনের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০১২ সালে আরজিনা খাতুনের বিয়ে হয় উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা গ্রামে। বিয়ের দেড় বছর পর তাদের ঘরে একটি সন্তান হয়। কিছুদিন পর অসুস্থ হয়ে তাদের সন্তানটি মারা যায়। গত দুই মাস আগে আরজিনা খাতুনের স্বামীও মারা যান। সেই থেকে আরজিনা স্বামীর বাড়িতে অবস্থান করছিল।

সম্প্রতি তার বাবা আমজাদ হোসেন লোকজন নিয়ে আরজিনার মতের বিরুদ্ধে তাকে স্বামীর বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আনার পর থেকেই আরজিনার স্বামীকে যৌতুক হিসেবে দেওয়া নগদ টাকা এবং ভ্যানগাড়ি বিষয়ে তার বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়।

এরই একপর্যায়ে বুধবার সকালে আরজিনাকে তার ঘরের ভেতরে গলা কেটা অবস্থায় দেখতে পান স্থানীয় এলাকাবাসী। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে।

এ বিষয়ে নিহতের বাবা আমজাদ হোসেন জানান, আমার মেয়ে আত্মহত্যা করেছে। তাকে হত্যা করা হয়নি। এদিকে স্থানীয়দের ধারণা তাকে যেভাবে গলা কাটা হয়েছে এটা আত্মহত্যা হতে পারে না। এটি পরিকল্পিত হত্যাকান্ড।

কাজিপুর থানার উপপরিদর্শক (এসআই) পিয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, হত্যা না আত্মহত্যা বিষয়টি ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এমকে