নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং চট্টগ্রাম-১০ (বোয়ালখালী-চান্দগাঁও) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ানের বাড়িতে গুলি ও ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে নগরের চান্দগাঁও আবাসিকের ৮ নম্বর সড়কে অবস্থিত তার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। চট্টগ্রাম মহানগর বিএনপির মিডিয়া সেল থেকে সাইফুল ইসলাম শিল্পী এই খবর জানিয়েছেন।
তিনি বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে ক্ষমতাসীন জোটের সন্ত্রাসীরা আবু সুফিয়ানের বাড়ি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি এবং বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ওই সময় আশপাশের লোকজন এগিয়ে এসে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এ প্রসঙ্গে জানতে চাইলে সিএমপির চান্দগাঁও থানার ওসি আবুল বাশার বলেন, ‘ঘটনার খবর পেয়েই ফোর্স পাঠিয়েছিলাম। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। কে বা কারা হামলা চালিয়েছে, আমরা তা তদন্ত করে দেখছি।’





