আগামী ২৫ মে দেশের নয়টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ২২ মে থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সংস্থাটির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মো. রাজীব আহসান জানান, নয়টি পৌরসভার মধ্যে রয়েছে- নরসিংদীর পলাশের ঘোড়াশাল, রায়পুরা, লক্ষ্মীপুর সদর, বাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালী সদর, সেনবাগ, ফেনীর ছাগলনাইয়া, কক্সবাজারের টেকনাফ ও খাগড়াছড়ির রামগড়।
ইতোমধ্যে নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবকে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য ব্যবস্থা নিতে বলেছে সংস্থাটি। এক্ষেত্রে আগামী ২২ মে মধ্যরাত ১২টা থেকে ২৬ মে সকল ৬টা পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।
এছাড়া সব ধরনের মোটরযান চলাচল বন্ধের জন্য ব্যবস্থা নিতেও মন্ত্রণালয়টিকে বলেছে সংস্থাটি। মোটরচলাচল বন্ধ থাকবে ২৪ মে মধ্যরাত ১২টা থেকে ২৫ মে মধ্যরাত ১২টা ৫ পর্যন্ত।
রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রার্থী বা তার এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বৈধ পরিদর্শক মোটরযান ব্যবহার করতে পারবেন। এছাড়া জরুরি হিসেবে- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমের জন্যও উক্ত যানবাহন ব্যবহার করা যাবে। আবার জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
অন্যদিকে লঞ্চ, স্পিড বোটসহ যেকোনো ধরনের ইঞ্জিনচালিত নৌ-যান চলাচলের ওপরও নিষেধাজ্ঞা, জরুরি পণ্য সরবরাহ অথবা ভোটার বা জনগণের চলাচলের বলবৎ হবে না।
ওএফ





