গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় ফারুক মিয়া (২৬) নামে এক যুবক গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ছয়ঘুড়িয়া গ্রামে রবিবার ভোরে এ ঘটনা ঘটে। ফারুক মিয়া ওই গ্রামের জয়নাল শেখের ছেলে।

কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মো. হাফিজার রহমান জানান, ফারুক মিয়া রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন। রাতে যে কোনো সময় বাড়ির উঠানের একটি কামরাঙ্গা গাছের সঙ্গে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেন ফারুক। পরে ভোরে তাকে গাছে ঝুলতে দেখে পরিবারের লোকজন।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে ফারুক মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

সুন্দরগঞ্জ থানার ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, এ ঘটনায় ফারুকের বাবা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি ইউডি মামলা করেছেন।

থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্টের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এমকে