মাওয়া ফেরিঘাট আজ বৃহস্পতিবার শিমুলিয়ায় স্থানান্তর করা হবে। বুধবার থেকে মাওয়াঘাট স্থানান্তরের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যেই মাওয়াঘাটের এক নম্বর ফেরিঘাটের পন্টুন ও লঞ্চঘাটের একটি পন্টুন সরিয়ে নতুন ঘাট শিমুলিয়ায় লাগানো হয়েছে। আজ দুপুরের মধ্যে বাকি ২টি ফেরিঘাটের পন্টুন ও লঞ্চঘাটের অপর পন্টুনটি সরিয়ে নতুন ঘাট শিমুলিয়ায় লাগানো হবে। এরপর নতুন ঘাট পারাপার শুরু হওয়ার কথা থাকলেও সকাল সোয়া ৮টার দিকে তা শুরু হয়।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদি দুপুরে এ ঘাটের উদ্বোধন করার কথা। এর মধ্য দিয়ে মাওয়া ঘাটের ২৮ বছরের পারপারের অবসান ঘটবে। আর ২০১৮ থেকে মাওয়ার পদ্মা সেতুর ওপর দিয়েই চলবে যানবাহন।
এদিকে ঘাট স্থানান্তরের কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিমুলিয়া ঘাটে যেতে হচ্ছে সরু রাস্তা দিয়ে। সেখানে যাওয়ার বিকল্প কোনো রাস্তাও নেই। অন্যদিকে ফেরিতে উঠতে গাড়িচালকরা নিয়ম নীতির তোয়াক্কা করছেন না। প্রশাসনেরও কোনো নিয়ন্ত্রণ নেই। সব মিলে শিমুলিয়া ঘাট চালুর প্রথম দিনে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছে।
বিআইডব্লিউটিএর উপ-পরিচালক আব্দুস সালাম জানান, বুধবার ঘাট স্থানান্তরের প্রস্তুতি শুরু করেছে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। বুধবার মাওয়া ১ নম্বর ফেরি ঘাটের পন্টুনটি নতুন শিমুলিয়া ঘাটে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া লঞ্চ ঘাটের একটি পন্টুনও সরিয়ে শিমুলিয়া ঘাটে নিয়ে স্থাপন করা হয়েছে। বাকি পন্টুনগুলো খুব দ্রুত সরিয়ে নেয়া হবে। এতে যাত্রী পারাপরে তেমন কোনো অসুবিধা হবে না।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান শিমুলিয়ার নতুন ঘাট এলাকা পরিদর্শন করেন। মাওয়ার প্রায় দু’কিলোমিটার পূর্বদিকের এই শিমুলিয়া ঘাটের কাজ পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। পরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ড. সামসুদ্দোহা খন্দকার মাওয়া পদ্মা সেতু রেস্ট হাউজে ঘাট সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে এক মতবিনিময় সভা করেন।
নতুন এ ঘাটে সড়ক পথে ঢাকা-মাওয়ার দূরত্ব দুই কিলোমিটার বাড়লেও নৌ পথে এ দূরত্ব কিছুটা কম হবে বলে জানা গেছে।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ড. সামসুদ্দোহা খন্দকার জানান, সেনাবাহিনীর তত্ত্বাবধানে শিমুলিয়া ঘাটের সংযোগসড়ক পুরোপুরি সম্পন্ন হতে আরো কয়েক দিন লাগবে। তারপরও একপাশ দিয়ে যান চলবে আর অপর পাশ দিয়ে রাস্তার উন্নয়ন হবে- এমনভাবে শিমুলিয়া ফেরিঘাট চালু করা হচ্ছে।
তিনি বলেন, মাওয়া থেকে শিমুলিয়া ঘাটের মান আরো ভালো হবে এবং কাজ অনেক সুন্দর হবে। তাই এ ঘাট দিয়ে যাত্রী পারাপারও হবে স্বাচ্ছন্দে।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, দেশের অন্যতম প্রধান ফেরিঘাট ‘মাওয়া ফেরিঘাট’ শিমুলিয়ায় স্থানান্তরে যাত্রীদের কোনো রকম সমস্যা হবে না। বরং আগের চেয়েও ভালো সার্ভিস দেয়া যাবে।
এএইচ





