সাম্প্রতিক কয়েকটি অভিযানে নিহত নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ১৮ সদস্যের ভিসেরা ও রক্তের প্রতিবেদন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের হাতে এসেছে।

তবে ভিসেরা প্রতিবেদন অনুযায়ী তাদের রক্তে কোন ধরনের মাদকের (ড্রাগ) নমুনা পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢামেক ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ।

গতকাল বৃহস্পতিবার বিকালে ডা. সোহেল মাহমুদ বলেন, গুলশান, কল্যাণপুর ও নারায়ণগঞ্জে নিহত ১৮ জঙ্গির ভিসেরা ও রক্তের রিপোর্ট আমাদের হাতে এসেছে। তবে এই জঙ্গিদের শরীরে কোনো ধরনের ড্রাগের নমুনা পাওয়া যায়নি।

গোয়েন্দা পুলিশ ও হাসপাতাল সূত্র মতে, সাম্প্রতিক জঙ্গি বিরোধী অভিযানে গুলশানের হলি আর্টিজানে ছয়জন, কল্যাণপুরে নয়জন ও নারায়াণগঞ্জে তিন জঙ্গি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত হয়।

পরবর্তিতে ঐ জঙ্গিরা শক্তিবর্ধক কোনো ড্রাগ নিত কিনা তা জানতে সিআইডির তত্ত্বাবধানে মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছিল নিহত জঙ্গিদের পাকস্থলি, লিভার ও কিডনি। সেই সঙ্গে তাদের রক্তও পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। সবগুলো রিপোর্টেই নিহত জঙ্গিদের শরীরে কোনো ধরনের ড্রাগ বা মাদকের নমুনা পাওয়া যায়নি।


এমএনজে