বৃহস্পতিবার (১৩ আগস্ট) আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডের (ইজিএমও) বিজয়ী বাংলাদেশি শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পরে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

সাক্ষাতে পদকজয়ী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে কুশলবিনিময় করেন এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের অভিজ্ঞতা ও অর্জনের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও সাফল্যের জন্য শুভকামনা জানান।

এ সময় বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের (বিজিএমএফ) পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করার জন্য সহযোগিতা চাওয়া হয়।

স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াড পরিচালনা ও সম্প্রসারণে একটি তহবিল গঠনের প্রস্তাব দেওয়া হলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে অর্থায়নে তাৎক্ষণিক সম্মতি দেন প্রধানমন্ত্রী।

একই সঙ্গে বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির (বিডিএমও) পক্ষ থেকে স্কুল পর্যায়ে কার্যক্রমভিত্তিক গণিত চালুর প্রস্তাবেও সম্মতি জানান তিনি।

সাক্ষাতে স্কুলশিক্ষকদের গণিত দক্ষতা যাচাইয়ের জন্য নতুন একটি পরীক্ষার প্রস্তাবও দেওয়া হয়। ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের আইইএলটিএস পরীক্ষার আদলে শিক্ষকদের জন্য পৃথক গণিত দক্ষতা যাচাই পরীক্ষা চালুর প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে ভবিষ্যতে সরকারের সহযোগিতার প্রয়োজন হলে তা দেওয়া হবে।

সাক্ষাতে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, আইএমওর জাতীয় কোচ মাহবুবুল আলম মজুমদার, বিজিএমএফের চেয়ার অধ্যাপক সাদিয়া হামিদ কাজী এবং বিডিএমও সদস্য মো. আব্দুল হাকিম খান।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা পদকজয়ী শিক্ষার্থীদের মধ্যে ছিলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মনামী জামান—আইএমও ও ইজিএমওতে ব্রোঞ্জ পদকজয়ী; চট্টগ্রাম কলেজের মো. রায়হান সিদ্দিকী—আইএমও রৌপ্য পদকজয়ী; ঢাকা ইমপিরিয়াল কলেজের জাওয়াদ হামীম চৌধুরী; ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদ মারজুক রহমান; আনন্দ মোহন কলেজের তাহসিন খান এবং রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের এম জামিউল হোসেন—তারা সবাই আইএমও ব্রোঞ্জ পদকজয়ী।

এ ছাড়া রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের সাজি সেহনাই ইজিএমওতে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন।

এস