বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে তিনি মোংলায় পৌঁছান।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীর মোংলা বন্দরের জেটি ও প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কথা রয়েছে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে। সকাল ১০টার দিকে হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্টসহ সুন্দরবনের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন তিনি। পরে নলিয়ান থেকে লঞ্চঘাট হয়ে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, দুপুরে মধ্যাহ্নবিরতির পর ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত একটি সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল সোয়া ৩টায় প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা এবং সাড়ে ৩টায় অঞ্চলটি পরিদর্শনের কথা রয়েছে।
এর আগে সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তাঁর বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সফরসূচি অনুযায়ী, দিনের কর্মসূচি শেষে আজই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
সুন্দরবন পর্যবেক্ষণের পাশাপাশি মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর এই সফরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাকৃতিক সম্পদ, বন্দর অবকাঠামো ও অর্থনৈতিক সম্ভাবনা গুরুত্ব পাচ্ছে।
মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল এবং এলএনজি টার্মিনাল ঘিরে এ অঞ্চলে নতুন সম্ভাবনার প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তাঁদের আশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমে গতি আসবে, বিনিয়োগ বাড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
এস
















