বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে তেলের দুই প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

শুক্রবার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেল বিক্রি হয়েছে ১১৬ দশমিক ৭২ ডলারে। আগের দিনের তুলনায় এর দাম বেড়েছে ৩ দশমিক ৫৫ ডলার বা ৩ দশমিক ১৪ শতাংশ।

একই দিনে প্রতি ব্যারেল ডব্লিউটিআই তেলের দাম দাঁড়ায় ১০৩ দশমিক ২৭ ডলারে। বৃহস্পতিবারের তুলনায় দাম বেড়েছে ৩ দশমিক ৮ ডলার বা ৩ দশমিক ৮ শতাংশ।

বাজার বিশ্লেষকদের বরাতে রয়টার্স জানিয়েছে, সর্বশেষ গত ২৯ এপ্রিল অপরিশোধিত তেলের দামে এমন উচ্চ পর্যায় দেখা গিয়েছিল। সে সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক অভিযান এবং পাল্টাপাল্টি হামলা তীব্র আকার ধারণ করেছিল।

বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ।

গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের হামলা আঞ্চলিক জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা এবং তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। পাশাপাশি লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালি ও হরমুজ প্রণালিতে নৌ চলাচল ঘিরে ঝুঁকির আশঙ্কাও বাজারে প্রভাব ফেলছে। সংযুক্ত আরব আমিরাতে তেল ছড়িয়ে পড়ার ঘটনাও সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ওয়াল স্ট্রিটের জ্বালানি খাতের সূচক ২ দশমিক ৫ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছায়। তবে যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ারবাজার সূচকগুলো দিন শেষ করেছে দরপতনের মধ্য দিয়ে।

সূত্র: রয়টার্স

এস