নদী দখল ও দূষণরোধে মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া নদীর জমি ইজারা না দেয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
বৃহস্পতিবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে প্রশাসকদের তিনি এই নির্দেশ দেন। পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদও এ সময় উপস্থিত ছিলেন।
নৌমন্ত্রী পরে সাংবাদিকদের বলেন, “দেশের নদীগুলো দখল, দূষণ ও রাজনীতির প্রভাবমুক্ত করার বিষয়ে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের বলেছি মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া নদীর ইজার না দিতে।”
এজন্য জেলা প্রশাসকদের রাজনৈতিক প্রভাবের বাইরে থাকারও পরামর্শ দেন দুই মন্ত্রী।
রাজধানীর আশপাশের নদী দখল ও দূষণমুক্ত রাখতে আদালতের একাধিক নির্দেশনা থাকলেও বিভিন্ন স্থানে তীর দখল ও ভরাট করে গড়ে তোলা হচ্ছে আবাসন, ব্যবসা প্রতিষ্ঠান, কল কারখানা। অধীকাংশ ক্ষেত্রে স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রভাবশালীরা এই দখলদারিতে জড়িত বলেও অভিযোগ রয়েছে।
শাজাহান খান বলেন, “নদী দখল ও দূষণমুক্ত করতে যা যা দরকার- তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হবে।”
এবারের ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা জোরদারে অন্য বছরের তুলনায় বেশি ব্যবস্থা নেয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা, ১০ জুলাই, (টাইমনিউজবিডি.কম) // এসএইচ





