বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) পঞ্চগড় বিশেষ কর্ম ইউনিট পরিবার পরিকল্পনা কার্যক্রমের উপর জেলা পর্যায়ে পর পর ৩ বার শ্রেষ্ঠ এনজিও’র পুরস্কার পেরেছে।

শুক্রবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী শেষে আলোচনা সভায় এফপিএবিকে জেলার শ্রেষ্ঠ এনজিও’র সনদ প্রদান করেন পঞ্চগড়ের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহম্মেদ কবির।

পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত ‘তারুণ্যে বিনিয়োগ আগামীর উন্নয়ন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এসে শেষ হয়।

র‌্যালীতে জেলা প্রশাসন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরসহ জেলায় কর্মরত বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ নেন। র‌্যালী শেষে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের হলরুমে জেলা পরিবার পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর উপ-পরিচালক ডা. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহম্মেদ কবির। 

এফপিএবি পঞ্চগড় বিশেষ কর্ম ইউনিটের সহকারী জেলা কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রেষ্ঠ এনজিও সনদ গ্রহণ করেন।

উল্লেখ্য, এফপিএবি পঞ্চগড় বিশেষ কর্ম ইউনিট পরিবার পরিকল্পনা কার্যক্রমের উপর গত ২০১২ ও ২০১৩ সালেও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এনজিও হিসেবে সনদ পেয়েছিল।

ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ