কারখানার দেয়া টিফিন খেয়ে দেড় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। তাদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভারের আশুলিয়ায় একই মালিকানাধীন আনজির অ্যাপারেলস নামে দু'টি কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানা দুটি হল আশুলিয়ার বাইপাইলের করিম সুপার মার্কেটে অবস্থিত আনজির অ্যাপারেলস-১ ও ভলিবদ্র এলাকার সমসের প্লাজায় অবস্থিত আনজির অ্যাপারেলস-২।
শিল্প পুলিশ ও কারখানার শ্রমিক সূত্র জানায়, বৃহস্পতিবার আশুলিয়ার বাইপাইল এলাকার আনজির অ্যাপারেলস-১ কারখানার প্রায় দুই হাজার শ্রমিক ও ভলিবদ্র এলাকার আনজির অ্যাপারেলন-২ কারখানায় প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করছিলেন।
পরে সন্ধ্যা ৭টার দিকে তাদেরকে টিফিনের খাবার হিসেবে কেক, কলা ও ডিম খেতে দেয়া হয়। খাবার খাওয়ার পরপরই অনেকে পেট ব্যাথা ও বমি শুরু হয়। একে একে কারখানার দেড় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে।
এ ব্যাপারে আনজির অ্যাপারেলস কারখানার সহকারী ব্যবস্থাপক হাসান মাহম্মুদ বলেন, হাজী সেলিম নামের এক ঠিকাদার তাদের প্রতিষ্ঠানে নিয়মিত টিফিনের খাবার সরবরাহ করে থাকেন।
তবে বৃহস্পতিবারের খাবার খাওয়ার পর থেকেই কারখানার দেড়শতাধিক শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনায় বৃহস্পতিবারের জন্য কারখানাটি ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে বুধবার রাতে আশুলিয়ায় জামগড়া এলাকার জনরন নামের একটি সোয়েটার কারখানায় রাতে টিফিনের খাবার কলা, রুটি ও ডিম খাওয়ার পরেই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
এআর





