গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর উনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আমজাদ হোসেনকে (৩৫) কুপিয়ে জখম করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।
গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঠুটিয়াপুকুর এলাকার ফারুকের স’ মিলের সামনে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমজাদ হোসেন একই ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের মো. চয়ন উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পলাশবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি আজাদুল ইসলাম জানান, সন্ধ্যায় আমজাদ হোসেন স্থানীয় লোকজনের সঙ্গে ফারুকের স’ মিলের কাছে ব্রিজের ওপর বসে গল্প করছিলেন। এ সময় ১০-১৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি অতর্কিত হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দ্রুত পালিয়ে যায়।
তিনি জানান, ধারাল অস্ত্রের আঘাতে আমজাদের দুই পা, বুক ও পিঠ কেটে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পলাশবাড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা হলে বা অভিযোগ পাওয়া গেলে দুর্বৃত্তদের খুঁজতে অনুসন্ধান চালানো হবে।
কেএইচ





