প্রিয়া সাহাকে দ্রুত দেশে ফিরিয়ে তদন্ত এবং শাস্তির দাবি জানিয়েছেন আদর্শ নাগরিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান।

আজ শনিবার (২৭ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আদর্শ নাগরিক আন্দোলনের উদ্যোগে “দেশে অব্যাহত ধর্ষণ-হত্যা-গুম-গণপিটুনি ও অপহরণের প্রতিবাদে আয়োজিত নাগরিক মানববন্ধনে তারা এই দাবি জানান।

আদর্শ নাগরিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান বলেন, আমাদের লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই সোনার বাংলা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা যে বক্তব্য দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি আমাদের সম্প্রীতির বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। যা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহীতার সামিল।

মাহমুদুল হাসান বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ। প্রিয়া সাহা এ দেশের একজন নাগরিক হয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গিয়ে যে বক্তব্য দিয়েছেন এটি রাষ্ট্রদ্রোহীতামূলক অপরাধ এবং দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। তার এই মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্যের মাধ্যমে তিনি ১৭ কোটি বাংলাদেশি মানুষের অন্তরে আঘাত করেছেন।

তিনি বলেন, দেশে বর্তমানে বেশকিছু মহামারী দেখা দিয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে- ধর্ষণ, অপহরণ, গণপিটুনি ও ডেঙ্গু। সাধারণ জনগণের জীবনের নিরাপত্তার জন্য ডেঙ্গু প্রতিরোধে সরকারকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহবান জানান তিনি।

এডভোকেট মো. আল-আমিন বলেন, প্রিয়া সাহাকে অবশ্যই দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করা সরকারের নৈতিক দায়িত্ব। ধর্ষণ, অপহরণ, গুম-খুন বন্ধে সরকার ব্যর্থ হয়েছে।

আদর্শ নাগরিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. আল-আমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্বাধীনতা অধিকার আন্দোলনের সভাপপতি ড.কাজী মনিরুজ্জামানমনির, আদর্শ নাগরিক আন্দোলনের সাবেক সহ-সভাপতি বাহারুল ইসলাম ইউনুস, সহ-সভাপতি এস.এম আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এস.এম কামালউদ্দিন ইসমাইল, যুগ্ম-সাধারণ সম্পাদক এম.সাইফুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) হুমায়ূন কবীর, সহ-প্রচার সম্পাদক ফারুক আহমেদ রাজ প্রমূখ।

মাসুদ/এএস